
মালদার বৈষ্ণবনগর, হরিশচন্দ্রপুরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি। বৈষ্ণনগরে বিজেপি কর্মী দিলীপ মণ্ডল এবং তাঁর স্ত্রীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী দিলীপ মণ্ডল এবং তাঁর স্ত্রী সাদিকা মণ্ডল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ বিধানসভা নির্বাচনের আগের থেকেই ওই পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তাঁদের তৃণমূলের হয়ে প্রচার ও ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। পরিবারের অভিযোগ বৃহস্পতিবার দুপুরে আচমকাই হাসুয়া, লাঠি নিয়ে একদল দুষ্কৃতী তাঁদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। দিলীপ মণ্ডলের মেয়ে জানিয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ধনপতি মণ্ডল ও পলাশ মণ্ডলের দলবল হামলা চালিয়েছে। ঘটনার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে হরিশচন্দ্রপুরে বিজেপি নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত উত্তর মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইংরেজবাজারেও বিজেপি সমর্থকের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে দাবি আক্রান্তদের।
