কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে কিল-চড়-ঘুষি, রক্তাক্ত লাভপুর-মুরারই

0
1942
ছবি সৌজন্যে : নিজস্ব

এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ পেয়েই সেখানে যেতেই মার খেলেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ শুভেন্দু সরকারের।

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান শুভেন্দু সরকার। এরপরেই অভিযুক্তদের ধাওয়া করেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। তখনই তাঁকে ঘিরে ধরে পাল্টা মারধর করা হয়। পুলিশের সামনেই কিল, চড়, ঘুষি মারা হয় বলে অভিযোগ। এদিকে বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীর এজেন্টকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুথে যাওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতীরা আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিশ্বজিৎ মণ্ডলের। অন্যদিকে বীরভূমের মুরারইয়ে ভোট চলাকালীন কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার। মুরারইয়ের গোরসা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ২ কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদার চাঁচলে পানপাড়া এলাকায় বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে গাড়িতে। গুরুতর জখম অবস্থায় তাঁকে চাঁচল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আসানসোলের হীরাপুরে কাচ ভাঙল অগ্নিমিত্রা পালের গাড়ির।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হীরাপুরের রহমতনগরে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ চলন্ত গাড়িতে পাথর ছুড়ে হামলা করা হয়। এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর।