
গিরিশ পার্ক থানার সামনে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। শনিবার মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে ৯ জন বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে যুব মোর্চা।
থানার সামনে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করলে, তা ভাঙার চেষ্টা করেছেন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। গিরিশ পার্কের অশান্তির ঘটনায় ধৃত ৯ জনের ১৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শশী পাঁজা-সহ একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
বৌবাজার থানার আহত ওসি সহ এক কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার, নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক।
