
শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের পর সিঙ্গুরের নার্সিংহোমের নার্স দীপালি জানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ। মৃতদেহের দখল কারা নেবে, তা নিয়ে বিজেপি, সিপিএমের মধ্যে গন্ডগোল বাধে। বাইরে যখন গন্ডগোল করছে দুইপক্ষ তখন গাড়িতে অসহায় বসে বাবা-মা-ভাই। দু’পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নার্সের দেহ ময়নাতদন্তের জন্য আনতেই সেখানে পৌঁছে যায় বিজেপি, সিপিএম কর্মী-সমর্থকরা। দেহ দখল নিয়ে শুরু হয় বচসা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দেহ হাইজ্যাক করার অভিযোগ তোলে। কাজে যোগ দেওয়ার ৩ দিনের মধ্যে সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত ঘিরে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শ্রীরামপুর হাসপাতাল। বৃহস্পতিবার সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম বাধে।
মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। ৩ দিন আগে শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। সেখানেই বুধবার রাতে চারতলার ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে নার্সের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমের মালিক এবং কাঁথি থেকে মৃত নার্সের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।









