
লোকসভা নির্বাচনে জিতে নিজের কেন্দ্রের ভোটারদের অঢেল মদ বিলি করে বিতর্কে জড়িয়েছেন কর্নাটকের চিক্কাবল্লাপুরের বিজেপি সাংসদ কে সুধাকর।জানা গিয়েছে, লোকসভা ভোটে জয়ের আনন্দে চিক্কাবল্লাপুরে বিজয় উৎসবের আয়োজন করেন ওই বিজেপি সাংসদ।
যেখানে ট্রাকে করে নিয়ে আসা হয় মদের বোতল। এরপর এলাকাবাসীকে বিনামূল্যে সেই মদ বিলোতে দেখা যায় খোদ সাংসদকে। তাৎপর্যপূর্ণভাবে এই মদ বিলির আয়োজনের তদারকি করতে দেখা যায় খোদ পুলিশকে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে, যুবক থেকে বৃদ্ধ সকলেই লাইনে দাঁড়িয়ে মদ নিচ্ছেন। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে। শুধু তাই নয় জানা গিয়েছে, এই মদ বিলির জন্য আবগারি দফতরকে চিঠি লিখে অনুমতি নিয়েছেন ওই সাংসদ। গোটা ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
