
হরিয়ানায় সঙ্কটে নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার। তিন নির্দল বিধায়ক লোকসভা ভোটে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন।
এমনকি কংগ্রেসের হয়ে ভোটের প্রচারেও নামতে চলেছেন ওই তিন বিধায়ক।এর ফলে হরিয়ানায় বিজেপি সরকার অস্বস্তিতে পড়েছে।এই পরিস্থিতিতে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিরোধী দল কংগ্রেস।লোকসভা ভোটের মধ্যে শিবির বদল করেছেন নির্দল বিধায়ক সোম্বির সাংওয়ান, রনধীর গোল্লেন এবং ধরমপাল গোন্ডের। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং প্রদেশ কংগ্রস প্রধান উদয় ভানের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন ওই তিন বিধায়ক। ধরমপাল গোন্ডের বলেছেন, তাঁরা হরিয়ানা সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছেন। কৃষকদের সঙ্গে যা হচ্ছে সেই ইস্যু-সহ একাধিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে অসন্তুষ্ট তিন বিধায়ক। এদিকে কংগ্রেসের দাবি, হরিয়ানায় ম্যাজিক ফিগার হারিয়েছে বিজেপি। ৮৮ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৪০ এসে ঠেকেছে। অবিলম্বে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে। পালটা প্রতিক্রিয়ায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু লোককে খুশি করছে কংগ্রেস।
