পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজেপির : কেজরি

0
58
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা,তাঁর সঙ্গী হয়েছেন আরও ৬ আপ সাংসদ। এই বিষয়ে মুখ খুলেছেন আপ প্রধান এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া— বিজেপি আবার পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল।এর আগে সাংবাদিক বৈঠকে রাঘব জানান, সংবিধানকে হাতিয়ার করে তাঁরা নিজেদের মিশিয়ে দিচ্ছেন বিজেপির সঙ্গে।

রাজ্যসভায় আপের সাংসদ সংখ্যার দুই-তৃতীয়াংশ বিজেপিতে যোগ দেবেন,ফলে তাঁরা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না। সাংবাদিক বৈঠকে তিনজন জানান, আপ ছেড়ে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে।পরে জানা গিয়েছে আপ থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, বিজেপি ফের পাঞ্জাবিদের ধাক্কা দিয়েছে। কার্যত গেরুয়া পার্টির বিশ্বাসঘাতকতার কথাই বলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

পালটা রাঘবের বিজেপি যোগ নিয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন,যে দল তাঁকে রাজ্যসভার আসন-সহ সবরকম সুযোগ দিয়েছিল, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। যোগ করেছেন, শেষ পর্যন্ত তিনি বিজেপির কোলে গিয়ে বসলেন।