
দিল্লির বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি।
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ৩ হাজার পাতার প্রমাণ জমা দিয়েছেন যে বিজেপি কীভাবে দিল্লির মানুষের ভোট কাটার ষড়যন্ত্র করছে। গরিব, তফসিলি জাতি, দলিতদের ভোট কাটা হচ্ছে। ভোটের গুরুত্ব আপনারা ভাল করেই জানেন। আপ নির্বাচন কমিশনকে জানিয়েছে, কীভাবে একজন বিজেপি সদস্য শাহদারা এলাকায় ১১ হাজার মানুষের ভোট কাটার কাজ করেছেন।দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যে নির্বাচনের আগে এই গণহারে নাম মুছে ফেলা বন্ধ করতে এবং যারা গণহারে নাম বাদ দেওয়ার আবেদন করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের আগে গণহারে ছাঁটাই করা হবে না।
পাশাপাশি তিনি জানিয়েছেন, ভোটারদের নাম মুছে ফেলার ক্ষেত্রে, বুথ স্তরের অফিসার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি ক্ষেত্র তদন্ত পরিচালনা করবেন।
