
ইটালীয় মানসিকতা দ্বারা চালিত সরকার ভারতে কোনওদিন সুযোগ পাবে না, নাম না করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে খোঁচা দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছে কংগ্রেসও।
হায়দরাবাদে বিজেপির বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন নীতীন। সেখান থেকেই কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বলেছেন, বিভিন্ন কেলেঙ্কারি এবং দুর্নীতির সমার্থক হল কংগ্রেস। এটি এমন একটি পরিবার যাদের মানসিকতা ভারতীয় নয়, বরং ইটালীয়। তাই ইটালীয় মানসিকতা দ্বারা চালিত সরকার ভারতে কোনও সুযোগ পাবে না। কংগ্রেসের পাশাপাশি কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি, বিআরএস-কেও কটাক্ষ করেছেন নীতীন। তিনি বলেছেন, আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা তোষণ-নীতিতে বিশ্বাস করি না। আমরা সকলের সন্তুষ্টি ও ক্ষমতায়নে বিশ্বাসী। বিজেপি পরিবারতন্ত্রের দলগুলিকে উৎপাটিত করবে।
বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের এই মন্তব্যের পরই পালটা জবাব দিয়েছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, কেন্দ্র এবং দেশের বহু রাজ্যে বিজেপির সরকার রয়েছে। নির্বাচনী ইস্তাহারে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা পূরণ হয়েছে? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন, গেরুয়া শিবির জানতে চায়, কংগ্রেস এবং রেবন্ত রেড্ডি কী করেছেন? আমরা বিধানসভা ও বিধান পরিষদের বিশেষ অধিবেশন ডাকব। বিআরএস-এর ১০ বছর, বিজেপির ১২ বছর এবং আমাদের আড়াই বছরের শাসনকালে কী হয়েছে, কী না হয়েছে, তা নিয়ে বিতর্ক করতে প্রস্তুত।
