
পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নির্যাতিতা বিজেপি করেন বলে দাবি ভারতীয় জনতা পার্টির।
অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। অন্য দিকে, অভিযুক্ত তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, এই অভিযোগে পুলিশ এক জনকে আটক করেছে বলে খবর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওই মহিলা এক সময় বিজেপি করতেন। তাঁর স্বামীর একটি ওষুধের দোকান রয়েছে। বিজেপি করার অপরাধে গত কয়েক বছর ধরে নানা ভাবে তাঁদের হেনস্থা করা হয়েছে। জোর করে তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হত। এই গন্ডগোল থেকে নিস্তার পাওয়ার জন্য মহিলাকে প্রস্তাব দেওয়া হয়, তাঁকে বিজেপি ছাড়তে হবে। শনিবার মহিলাকে অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছিলেন, লিখিত ভাবে তাঁকে জানাতে হবে যে, তিনি বিজেপি ছাড়ছেন। সেই চিঠিই পার্টি অফিসে জমা দিতে গিয়েছিলেন মহিলা। তখনই তাঁকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার অভিযোগ, হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করতেও অস্বীকার করেন চিকিৎসকরা। যদিও স্থানীয় ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানার দাবি, কী হয়েছে তিনি জানেন না। খোঁজখবর নেওয়া হচ্ছে। কিছু ঘটে থাকলে দল কড়া ব্যবস্থা নেবে।
জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
