বিজেপি নেতাকে পিটিয়ে আগুন দিল বাবা-ভাই-তৃণমূল কর্মীরা!

0
224
ছবি সৌজন্যে : নিজস্ব
বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভিডিও প্রকাশ করে দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কদেব পণ্ডা। তাঁর অভিযোগ বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়।
এরপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিজের বাবা, ভাই এবং ২ তৃণমূল কর্মীর হাতে খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি। শঙ্কদেব পণ্ডা অভিযোগ করেছেন নৃশংসভাবে খুনের ঘটনার পরেও পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বিজেপি নেতা আরও দাবি করেছেন খুনের ঘটনার ভিডিও তুলেছেন এক কলেজ ছাত্রী। তিনি কোর্টে বয়ানও দিয়েছেন। খুনিরা সবাই তৃণমূল কাউন্সিলরের লোক বলে অভিযোগ করেছেন শঙ্কুদেব। তাঁর দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার জন্য ফ্ল্যাগ, ফেস্টুন লাগাচ্ছিলেন রাজীব। এটাই ছিল তাঁর অপরাধ। এজন্যই তাঁকে পিটিয়ে মারা হয়েছে। এদিকে বারুইপুরের এসপি পলাশচন্দ্র ঢালির বক্তব্য বিজেপি অভিযোগ দায়ের করতে এসেছিল। কিন্তু পরিবারকে অভিযোগ করতে বলা হয়েছিল। কিন্তু প্রথমে পরিবারের কেউ অভিযোগ করেনি। এরপর স্বতঃপ্রণোদিত মামলা করতে গেছিল পুলিশ।
তখন মৃতের কাকা অভিযোগ দায়ের করে। এরপরেই রাজীব বিশ্বাসের বাবা এবং ভাইকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বারুইপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি এর সঙ্গে রাজনীতির যোগ নেই, পারিবারিক বিবাদের কারণে এমন ঘটনা ঘটেছে।