
পুলিশের চর সন্দেহে ছত্তীশগড়ে এক বিজেপি নেতাকে হত্যা করেছে মাওবাদীরা। বিজাপুর জেলার ইলমিডি থানার অন্তর্গত মুজালকাস্কেরে সত্যম পুনেম নামে ওই বিজেপি কর্মীকে পুলিশ ইনফর্মার সন্দেহে নৃশংসভাবে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক হাতে লেখা প্রচারপত্র। মাওবাদী মাডেড এরিয়া কমিটির তরফে প্রকাশিত ওই লিফলেটে লেখা আছে, সতর্ক করার পরও নাকি পনেম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনবার সতর্ক করা সত্ত্বেও তিনি গোপনে পুলিশের কাজে সহযোগিতা করছিলেন, তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই বছরই বস্তার অঞ্চলের সাতটি জেলায় নকশাল-সম্পর্কিত বিভিন্ন হামলায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই ফের এই হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। গত দু’বছরে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১১ জন বিজেপি নেতা ও কর্মীকে খুন করেছে নকশালপন্থীরা।
গত বছরও এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সাধারণ সম্পাদক বীরজু তরাম। মহলা-মানপুর-অম্বাগড় চৌকি জেলার সারখেদা গ্রামে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতাদের গুলিতে খুন হয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, অন্তত ৮ থেকে ১০ জন অস্ত্রধারী মাওবাদী ওই আক্রমণে যুক্ত ছিল।








