
রাজস্থানের আজমেরে প্রেমিকার চাপে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা রোহিত সাইনি-র বিরুদ্ধে। প্রথমে গোটা বিষয়টিকে ডাকাতির ছক বলে সাজালেও, শেষমেশ পুলিশি জিজ্ঞাসাবাদে ফাঁস হয় আসল সত্যি।
আজমের গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার দীপক কুমার জানিয়েছেন, প্রধান অভিযুক্ত রোহিত সাইনি ছাড়াও তাঁর প্রেমিকা ঋতু সাইনিকে গ্রেফতার করা হয়েছে। ১০ অগাস্ট সন্দেহজনক পরিস্থিতিতে বাড়ি থেকে উদ্ধার হয় রোহিতের স্ত্রী সঞ্জুর দেহ।
প্রথমে রোহিত দাবি করেন, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সঞ্জুকে খুন করেছে এবং মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে। কিন্তু তদন্তে পুলিশের কাছে তাঁর বয়ান ধাপে ধাপে অসঙ্গতিপূর্ণ হতে শুরু করে। কড়া জিজ্ঞাসাবাদে শেষমেশ ভেঙে পড়েন রোহিত এবং স্বীকার করেন খুনের কথা। বর্তমানে রোহিত সাইনি এবং ঋতু সাইনি দু’জনই পুলিশ হেফাজতে রয়েছে। তাঁদের জেরা করে গোটা ঘটনার আরও খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা চলছে।
