
বিধানভবনে হামলার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার শিয়ালদহ কোর্টে তোলা হলে বিচারক ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
রাকেশ সিংকে আদালতে পেশের সময় কোর্ট চত্বরে কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান যুদ্ধ চলে। পুলিশকে কার্যত ব্যারিকেড করে দুই পক্ষকে সামাল দিতে দেখা গিয়েছে। গায়ে পেট্রোল ঢেলে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছেন রাকেশ সিং। এমনকি সেখানে উপস্থিত থাকা মহিলার শ্লীলতাহানি করেছেন রাকেশ সিং। সেদিন অস্ত্র এনে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সেজন্য রাকেশ সিংকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে আবেদন করেন সরকারি আইনজীবী। অন্যদিকে রাকেশ সিংহের তরফে দাবি করা হয়েছে সম্পূর্ন রাজনৈতিক আন্দোলন ছিল। প্রধানমন্ত্রী এবং তাঁর মাকে অপমান করায় এই আন্দোলন করা হয়েছে। কলকাতার এন্টালিতে প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব চালানোর ৫ দিন পর পুলিশের হাতে ধরা পড়েছেন মূল অভিযুক্ত রাকেশ।
বুধবার গভীর রাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় রাকেশ সিংয়ের ছেলে শিবম সিংকে।







