
লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার পর তৃণমূলকে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখার নিদান দিয়ে বিতর্কে দাসপুরের বিজেপি নেতা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের তরফে বলা হয়েছে এটাই বিজেপির আসল নারী বিদ্বেষী রূপ। যাঁরা মুখে নারী শক্তির কথা বলে, তারাই মহিলাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুণ্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভায় ছিলেন সুকান্ত মজুমদার। সেই সভা থেকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা বিজেপিকে যেমন ভোট দেবেন তেমনই ভোট পাবে তৃণমূলও।
কিন্তু এমন অনেক মহিলা রয়েছেন যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তৃণমূলকে ভোট দেন। কালীপদ সেনগুপ্ত বলেছেন ওই মহিলারা যাতে বিজেপিকে ভোট দেয় তা নিশ্চিত করতে হবে। তেমনটা না হলে স্বামীদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা।
