
সোমবারের পর মঙ্গলবারও ফের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। কুমারগ্রামের বিথিবাড়িতে ঘেরাও-বিক্ষোভ। বিধায়কের অভিযোগ, বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের কর্মী সমর্থকেরাই। তাঁর দাবি, তিনি ত্রাণ দিতে গিয়েছেন, কোনও রাজনীতি তিনি করতে যাননি।
কিন্তু তারপরেও তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চলে। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁকে বাঁচাতে রীতিনতো লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। যদিও তৃণমূল বলছে এটা পুরোটাই জনরোষ। মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার মানুষের কোনও যোগাযোগই নেই। তারই প্রতিফলন দেখা যাচ্ছে এসব ঘটনায়। এর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই।
এদিকে একদিন আগেও একইভাবে নিজের বিধানসভা ক্ষেত্রেই বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোজ ওরাও। ফের দেখা গেল একই ঘটনার প্রতিচ্ছবি। বিজেপির অভিযোগ, পুরোটাই পূর্বপরিকল্পিত। আগে থেকে প্ল্যান করেই এ ঘটনা ঘটাচ্ছে তৃণমূল।








