
তাঁর তহবিলের সাত কোটি টাকা কোথায়। ভরা মঞ্চে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন মহিলা বিজেপি বিধায়ক।
আর দলেরই এক বিধায়কের এমন প্রশ্নে অস্বস্তিতে পড়েছেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা। দলেরই বিধায়কের এই প্রশ্নকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে কংগ্রেস। সিধি জেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী। স্থানীয় বিধায়ক রীতি পাঠকও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মঞ্চে বক্তৃতা করার সময় হঠাৎই উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেছেন, হাসপাতালের উন্নয়নের জন্য সাত কোটি টাকা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য দফতর থেকে সেই টাকা আসতেই উধাও হয়ে গেল। ৬-৭ বার উপমুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন তিনি। কিন্তু কোনও উত্তর পাননি। ঘটনাচক্রে, মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরও দেখেন। একজন বিধায়কের মুখে এমন প্রশ্ন শুনেই অস্বস্তিতে পড়েন উপমুখ্যমন্ত্রী। বিধায়ক আরও বলেন, বলার জন্য এটাই ঠিক সময় ছিল। স্বাস্থ্যমন্ত্রী সশরীরে হাজির ছিলেন। তাই এই প্রশ্ন তুলে ধরেছেন তাঁর সমানে। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পটওয়ারি কটাক্ষ করে বলেছেন, বিজেপি তার বিধায়কের কথাই শুনছে না। আমজনতার কথা শুনবে কী করে।








