
তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু।
বারবারই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার হয়েছেন বিষ্ণুপ্রসাদ। পৃথক রাজ্যের দাবিতে বিধানসভায় ধর্নাও দিয়েছিলেন। চেয়েছিলেন গণভোট। ২০২৪-এ লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে রাজু বিস্তাকে ফের প্রার্থী করার প্রতিবাদে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। দলের সঙ্গে তারপর থেকে দূরত্ব বাড়ছিল। তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন ১৭ বছর ধরে গোর্খা জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। পাহাড়ের মানুষ তাঁকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম সেই লক্ষ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন।
এদিকে বিষ্ণুপ্রসাদের তৃণমূলে যোগ নিয়ে ভাবিত নয় বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন বিজেপি তো ব্যক্তি নির্ভর দল নয়, তাই কে গেল বা কে এলে তাতে ভাবিত নয় বিজেপি।
