
বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।বৃহস্পতিবার সকালে বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা।
এদিকে, সল্টলেক করুণাময়ীতে বিজেপির কর্মী, সমর্থকরা অবস্থান বিক্ষোভ দেখিয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে দুষে বিজেপি-র কর্মীদের অভিযোগ, বিরোধী দলনেতা উপর হামলার সময় পুলিশ সদর্থক ভূমিকা নেয়নি। যান চলাচল পরিষেবার বিঘ্ন ঘটার কারণে কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মীদের সরিয়ে দেওয়া হয়। একইভাবে হুগলির পাণ্ডুয়ায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। সাময়িক যানজট সৃষ্টি হয় জিটি রোডে। একই দাবিতে চুঁচুড়াতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রায় আধঘণ্টা অবরোধের পর পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বাঁকুড়ায় বিজেপির জেলা কমিটির পক্ষ থেকে মাচানতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বারুইপুরের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির নব নির্বাচিত সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সরকারকে উৎখাত করতে হবে। সকলকে এক হতে হবে।








