
বিজেপির দুই জনপ্রতিনিধির ওপর হামলায় কাউকে গ্রেফতার না করায় দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবির। সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষকে মারধর এবং শারীরিক নিগ্রহের ঘটনায় নির্দিষ্ট করে ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তাও নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কদের উপর আক্রমণে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই অভিযোগ দিল্লিতে বঙ্গভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সোমবার দুর্যোগ-বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ খগেন এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
ইটের ঘায়ে রক্তাক্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু। শঙ্করকেও ধাক্কা দিয়ে চড়-ঘুষি মারার চেষ্টা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেছেন, লোকসভার স্পিকার সোমবার রাজ্য সরকারের কাছে নোটিশ দিয়ে রিপোর্ট তলব করেছে। রিপোর্ট দিতে দেরি করা হলে স্বাধিকারভঙ্গের প্রস্তাব অনুসারে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী রিজিজু।
