
স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও-র গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভে উত্তাল রাজগঞ্জ। মঙ্গলবার দুপুরে রাজগঞ্জ বিডিও অফিসে জমায়েত করেন বিজেপির কর্মী সমর্থকরা।
অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারের দাবি জানাতে থাকেন। পুলিশ বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, খুনের প্রত্যক্ষ যোগ থাকলেও প্রশান্ত বর্মন এখনও নিজের দফতরে অবাধ যাতায়াত রয়েছে তাঁর। অন্যরা গ্রেফতার হলেও এখনও বিডিওকে গ্রেফতার করেনি পুলিশ। কেন বিডিওকে আড়াল করার চেষ্টা চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। এদিকে তিন মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের অভিযোগে ময়নায় ঝাঁটা হাতে পথে নেমেছেন মহিলারা।
পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতে তিন মাস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার বিডিও অফিসে ঝাঁটা হাতে বিক্ষোভদেখান মহিলারা।







