
বিজেপি প্রার্থীর সমর্থনে অভিনেতা রবি কিষেণের রোড শোয়ে রবিবাসরীয় প্রচার ঘিরে তুলকালাম হাওড়া। বিজেপির প্রচারে তৃণমূলের জয় বাংলা স্লোগান।
পাল্টা তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির দিকে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে হাওড়ায় বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে রোড শোয়ে যোগ দিয়েছিলেন অভিনেতা সাংসদ রবি কিষণ। সেই শো ঘিরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জানা গিয়েছে বিজেপির মিছিল লিলুয়ার বি রোডে তৃণমূলের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। পাল্টা বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। এরপরেই দুই দলের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ৩ জন আহত হয়েছেন বলে খবর। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
