
বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় টানা স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতাকে সাসপেন্ড কেন করা হয়েছে জবাব চেয়ে স্লোগান দিতে থাকেন শঙ্কর ঘোষরা।
শঙ্কর ঘোষকে সতর্ক করার পরেও হৈ হট্টগোল চলতে থাকে। এরপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন। মার্শাল দিয়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন বিজেপি বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা গদি চোর, ভোট চোর। বাংলা বিরোধী দল। বিজেপিকে দেশের লজ্জা বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন যাঁরা আজকে স্লোগান দিচ্ছেন, তাঁরা কেউ জিততে পারবেন না। বিধানসভায় কাগজ ছুড়ে অনৈতিক কাজ করেছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে থাকেন মোদী, শাহ সবাই চোর।
তৃণমূল বিধায়করাও চিৎকার শুরু করেন। চোর চোর স্লোগান দিয়ে ওয়েলে নেমে পড়েন। তখন মুখ্যমন্ত্রী বক্তব্য থামিয়ে ওয়েলে নেমে নিজের দলের বিধায়কদের নিজের আসনে পাঠান।
