
রাজ্যসভার আসনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় মোট চার জনের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্র থেকে রয়েছেন দুই গুরুত্বপূর্ণ নেতা- বিনোদ তাওড়ে এবং রামদাস আঠাওয়ালে।
মহারাষ্ট্র থেকে ঘোষিত চার প্রার্থীর তালিকায় রয়েছেন বিনোদ তাওড়ে, রামদাস আঠাওয়ালে, মায়া ইভনাতে এবং রামরাও ওয়াদকুতে। বিনোদ তাওড়ে বর্তমানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, রামদাস আঠাওয়ালে কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া এ-র প্রধান নেতা। বিজেপির এই দ্বিতীয় তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত রাজ্যসভা নির্বাচনের জন্য মোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
এর আগে প্রথম তালিকায় বিভিন্ন রাজ্য থেকে ৯ জনের নাম ঘোষণা করা হয়েছিল। আগামী ১৬ মার্চ রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ।
