
আগামী ১০ থেকে ১৪ অগাস্ট সেনার সাফল্যের খতিয়ান তুলে ধরে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করবে বিজেপি। এই কর্মসূচিতে সেনার সাফল্যের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীদের বার্তা।
বিজেপির তরফে জানানো হয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য দেশরক্ষায় শহিদদের শ্রদ্ধা ও বীর জওয়ানদের সম্মান জানানো। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকা হাতে প্রতিটি গ্রাম ও শহরে মিছিল বের করা হবে। এই মিছিলে থাকবে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। পাশাপাশি ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে পতাকা উত্তোলন করা হবে। ১৪ অগাস্ট দেশভাগের দুঃখ স্মরণ করে বিজেপির তরফে বের করা হবে একটি নীরব শোভাযাত্রা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোটা দেশে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশলকে। তাঁর নেতৃত্বেই প্রতিটি রাজ্যে একজন আহ্বায়ক এবং তিন সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে ।
