
গুজরাটের ১৫টি পুরনিগমের সবক’টিতেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে বিজেপি। গুজরাট রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, করমসদ-আনন্দ, নাদীয়াদ, নভসারী, ভাপি, সুরাট এবং মোরবী-সহ ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে বিজেপি।
এর মধ্যে মোরবী পুরসভার ৫২টি আসনের সবক’টিতে বিজেপি জিতেছে। রবিবার গুজরাটে ১৫টি পুরনিগমের পাশাপাশি ৮৪টি পুরসভা, ৩৪টি জেলা পঞ্চায়েত এবং ২৬০টি তালুকা পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল।
আগামী বছর গুজরাটে বিধানসভা ভোট। তার আগে এই ভোটে পুর এবং পঞ্চায়েত স্তরে মোট ৯ হাজার ২০০টি আসনে ভোট ছিল। ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ১৮ লক্ষেরও বেশি। অবশ্য ভোটের আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল ৭৩৬টিতে।
