
বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের অর্জুননগরে।
ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের অর্জুননগর অঞ্চলের ১৯৮ নম্বর বুথ ধাঁইপুকুরিয়া এলাকার বাসিন্দা সক্রিয় বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি। পরিবারের দাবি, তৃণমূল কংগ্রেসের করা মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন ধরে ঘরছাড়া তিনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একটি দল শশাঙ্কবাবুর বাড়িতে হানা দেয়। মা, স্ত্রী ও বউদিকে আক্রমণ করে। শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় পরিবারের মহিলাদের বাঁচাতে এগিয়ে আসেন শশাঙ্কবাবুর বাবা গৌরহরি মাইতি। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দেয় অভিযুক্তরা। এর ফলে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাক্তি। তড়িঘড়ি গৌরহরি মাইতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








