
৪ দিন ধরে নিখোঁজ থাকার পর পূর্ব মেদিনীপুরের ময়নায় নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার পুকুরে মিলেছে বিজেপি কর্মী সুব্রত অধিকারীর দেহ। খুন করা হয়েছে ছেলেকে, অভিযোগ মৃতের মায়ের।
রবিবার থেকে নিখোঁজ ছিলেন বিজেপি কর্মী। পরিবার সূত্রে খবর, অনুষ্ঠান দেখতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি কর্মী সুব্রত অধিকারী। বাড়ি না ফেরায় ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বৃহস্পতিবার বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার দেহ! উদ্ধার হওয়া দেহের জামার পকেটে না ভেজা অবস্থায় বিড়ি ও দেশলাই মিললেও তার মোবাইল ফোনটির কোনও হদিস পাওয়া যায়নি।সুব্রতর মা কাজল অধিকারীর দাবি, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে অন্য কোথাও খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, তিনদিন ধরে জলে থাকলে দেহের যে অবস্থা হওয়ার কথা ছিল, সুব্রতর ক্ষেত্রে তেমনটা হয়নি। এর আগে একবার সুব্রতকে অপহরণ করে মহিষাদলে আটকে রাখা হয়েছিল এবং টাকা হাতিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছিল বলে পরিবার সূত্র থেকে জানা গেছে। সেই পুরানো শত্রুতার জেরেই এই ঘটনা কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি।
ময়না ব্লক বিজেপি প্রমুখ সুজিত বেরা অভিযোগ করেছেন, ওই এলাকায় তৃণমূলের মদতপুষ্ট সমাজবিরোধীদের দাপট রয়েছে এবং তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অন্যদিকে, খুনের দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।






