
এবার কোচবিহারে বিজেপির বিএলএ-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
আক্রান্ত বিজেপির বিএলএ নিভাস দাসের দাবি মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলও-র সঙ্গে তিনি বাড়ি বাড়ি গিয়েছিলেন। অভিযোগ তখনই তৃণমূলের লোকজন তাঁকে মারধর করে জুতোর মালা পরিয়ে দিয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন দাবি করেছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই। এদিকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির বিএলএকে চড় মারার অভিযোগ উঠেছে বিএলও-র বিরুদ্ধে। এরপর সেই বিএলএ সহ ২ জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে বুধবার বারুইপর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চড় মারা এবং তাঁর পরিচয়পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ বিএলও-র বাড়ি থেকে বেরোনোর পর তৃণমূল কর্মীদের একাংশ চড়াও হয় বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাসের ওপর। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দলের বিএলএ-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও ২ জন বিজেপি কর্মী। এক বিজেপি কর্মীর মাথায় চোট লেগেছে। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মীরা।
বিএলও সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানার অভিযোগ দায়ের হয়েছে। যদিও তৃণমূলের দাবি বিজেপির লোকেরা নিজেদের মধ্যে মদ্যপ অবস্থায় মারধর করেছে।
