
ভোটের প্রচারে রাজ্যজুড়ে রথযাত্রা করবে বিজেপি। তারই প্রস্তুতি বৈঠক হয়েছে সল্টলেকের বিজেপি অফিসে। কোন রুটে, কোন নেতার দায়িত্বে রথ নামবে, সেই সিদ্ধান্ত নিতেই বৈঠকে বসেছেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বলশল, শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, মনোজ টিয়া, তাপস রায়রা।
দোলের ঠিক পরদিনই ১০টি রথ নামাবে বিজেপি। যার নাম দেওয়া হয়েছে পরিবর্তন রথ। রাজ্যকে ১০ ভাগে ভাগ করে এই ১০টি পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি। এই ১০ রথের মধ্যে ৫টি রথের অভিমুখ হবে উত্তরবঙ্গে। বাকি ৫ টি রথ দক্ষিণবঙ্গে ঘুরবে। উত্তরবঙ্গের রথ শেষ হবে শিলিগুড়িতে। আর দক্ষিণবঙ্গের রথযাত্রা শেষ হবে ব্রিগেডে। এরপর শিলিগুড়ি এবং ব্রিগেডে জনসভা করবে বিজেপি। ব্রিগেডের জনসভায় হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিজেপির রথযাত্রা নিয়ে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরি।
তিনি বলেছেন হিন্দুত্ব বিজেপির একমাত্র এজেন্ডা। সেই এজেন্ডা নিয়ে সারা ভারতে ভোট করছে, বাংলাতেও হবে। তাঁর কথায় সবে শুরু হয়েছে। এই রথ কত পথ পার হবে সেটাই দেখার।
