
তোলাবাজি, হুমকি-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগে মধ্যপ্রদেশের ছতরপুরের বিজেপির প্রাক্তন বিধায়কের পুত্রকে অস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল, ছতরপুরে দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক রামদয়াল প্রজাপতির পুত্র রোহিত প্রজাপতি ওরফে অজ্জু। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বারবার পুলিশ-প্রশাসনকে জানানোর পরেও অজ্জুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শেষমেশ রোহিতকে গ্রেফতারের জন্য উদ্যোগী হয় পুলিশ।বিধায়ক পুত্রকে ধরার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়।গোপন সূত্রে খবর পেয়ে চন্দলা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময় বিধায়ক পুত্র তাঁর দলবল নিয়ে এলাকার একটি পেট্রল পাম্পে ছিলেন। পুলিশ দেখেই তাঁরা পালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই বিধায়ক পুত্র এবং তাঁর দলকে ঘিরে ফেলে পুলিশ। তার পর তাদের গ্রেফতার করা হয়। বিধায়ক পুত্রের কাছ থেকে দেশি বন্দুক, গুলি উদ্ধার হয়েছে।
