
উত্তরাখণ্ডের পুর নির্বাচনে জয়জয়াকার বিজেপির। ১১টি মধ্যে ১০টিতেই জিতেছে গেরুয়া শিবির। একটি গিয়েছে নির্দলদের দখলে। ১০টি পুরনিগমের মধ্যে সর্বাধিক ব্যবধান দেহরাদূনে।
সেই পুরনিগমে বিজেপি প্রার্থী সৌরভ থাপলিয়াল এক লাখের বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র পোখরিয়ালকে।পুরনিগম ছাড়াও পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনও ছিল উত্তরাখণ্ডে। দুই ক্ষেত্রে অবশ্য বিজেপির জয় মসৃণ নয়। কংগ্রেসের সঙ্গে জোর টক্কর ছিল তাদের। পিছিয়ে নেই নির্দল প্রার্থীরাও। পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত মিলিয়ে ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানে বিজেপি জিতেছে ৩০টিতে। কংগ্রেস জিতেছে ২৭টি। সেখানে ২৮ জন নির্দল প্রার্থী জয় পেয়েছেন। বহুজন সমাজ পার্টি জয়ী হয়েছে দু’টি আসনে।ওয়ার্ডভিত্তিক লড়াইয়ে আবার বিজেপি, কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে নির্দল প্রার্থীরা।
পুরনিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মোট ১হাজার ২৮২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছিল। তারমধ্যে নির্দলেরা জয়ী হয়েছে ৬০৬টি ওয়ার্ডে। বিজেপি ৩৪৬টি এবং কংগ্রেসের ১৩৪টি ওয়ার্ডে জয় পেয়েছে।
