
দলীয়কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারির প্রতিবাদে চাঁচল থানার বাইরে রাতভর ধর্নায় রইলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। টানা ধর্নার জেরে অসুস্থ হয়ে পড়ায় চাঁচল হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে।
ব্লাড প্রেসার, সুগারের সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শুক্রবার দুপুর থেকে চলা এই ধর্না শনিবার সকালে পুলিশ তুলতে গেলে ধুন্ধুমার পরিস্থতি তৈরি হয়। ধর্নার জন্য যে পলিথিন টাঙানো হয়েছিল, তা খুলে দেয় পুলিশ। গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা বিজেপি কর্মী। চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু থানায় ধুকতেই ধামসা, মাদল বাজিয়ে আইসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। বিজেপির মহিলা কর্মীরাও আহত হন। ২২ ঘণ্টা পর ধর্না অবস্থান তুলে নেন খগেন মুর্মু। ক’দিন আগে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে চাঁচলের আশ্রম পাড়া। ঘটনায় ৭ জন আহত হন। ওই ঘটনায় যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস বেল্ট দিয়ে চাঁচল থানার এএসআইকে আঘাত করেন বলে অভিযোগ। খগেন মুর্মুর অভিযোগ ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হলেও এখনও মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত দাসকে গ্রেফতার করেনি পুলিশ।
বিজেপি কর্মীদের মুক্তির দাবি এবং আইসির সঙ্গে দেখা করতে চেয়ে রাতভর থানার সামনে ধর্নায় বসেন সাংসদ।






