
মানুষের মতামত নিয়েই তৈরি হবে এবারে বিজেপির সংকল্পপত্র বা ইস্তেহার। আর এই সংকল্পপত্র তৈরির লক্ষ্যেই জনমত সমীক্ষা করবে বিজেপি। মানুষের সমস্যা, চাহিদার কথাই এবার বিজেপির সংকল্পপত্রে।
এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মানুষের মতামত নেওয়া হবে বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলায়। এজন্য ড্রপ বক্স তৈরি করা হয়েছে। এই ড্রপ বক্সে মানুষ কি চান, তাদের কি সমস্যা সবটাই জানাতে পারবেন। সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। এছাড়া রাজ্যব্যাপী ১০ হাজার মানুষের কাছে চিঠি পাঠাবেন তাদের মতামত দেওয়ার জন্য। ড্রপ বক্সে কাগজে মতামত জানানোর পাশাপাশি ড্রপ বক্সের গায়ে ফোন নম্বর এমনকি কিউআর কোড স্ক্যান করেও মানুষ মতামত জানাতে পারবেন।
১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মতামত সংগ্রহ অভিযান চলবে। মানুষের মতামত মূল্যায়ন করেই ২৮ ফেব্রুয়ারির মধ্যেই বিজেপি সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করতে পারে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য।
