
আমেরিকার বিমান দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। পটোম্যাক নদীতে উদ্ধারকাজ থামিয়ে দেওয়া হয়েছে। হিমশীতল জলে সাঁতার কাটা আর সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে নদী থেকে ৪০টির বেশি দেহ উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে মিলেছে দুর্ঘটনাগ্রস্ত যাত্রিবাহী বিমানটির ব্ল্যাকবক্স।সেটি নিয়ে যাওয়া হবে নিকটবর্তী এনটিএসবি গবেষণাগারে। সেখানে পরীক্ষানিরীক্ষার পর ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংঘর্ষের ঠিক আগের মুহূর্তে ককপিটে কী কথা হয়েছিল, তা জানা যেতে পারে ব্ল্যাকবক্স থেকে। দুর্ঘটনার কারণ সম্পর্কেও তথ্য মিলতে পারে।আমেরিকান এয়ারলাইন্সের বিমানটির অবতরণের কথা ছিল রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে। অভিযোগ, ঘটনার সময়ে সেখানে পর্যাপ্ত কর্মচারী ছিলেন না।সূত্রের খবর, সাধারণত বিমান এবং হেলিকপ্টারের ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে দু’জন করে কর্মী দায়িত্বে থাকেন। কিন্তু দুর্ঘটনার সময়ে ছিলেন এক জন কর্মী। কেন বিমানবন্দরে কম সংখ্যক কর্মী ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে,বিমান দুর্ঘটনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দায়ী করেছেন পূর্বতন সরকাররের নীতিকে।
অভিযোগ, জো বাইডেন এবং বারাক ওবামা প্রশাসন আমেরিকার বিমান বিভাগে নিয়োগের ক্ষেত্রে বৈচিত্রকে প্রাধান্য দিয়েছিলেন। তার ফলে বিমান পরিষেবার সুরক্ষার সঙ্গে আপস করা হয়েছে।
