
পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, নাকি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, তত্ত্ব নিয়ে হইচইয়ের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত আজারবাইজান এয়ারলাইন্সের বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে।
কিন্তু কেন ভেঙে পড়ল বিমানটি তার কারণ এখনও অধরা।কাজাখস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তের গতি বৃদ্ধি করা হয়েছে। ৪ হাজার বর্গমিটার জায়গার মধ্যে ভেঙে পড়েছিল বিমানটি। সেই দুর্ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রী, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বিমান ভেঙে পড়ার আগে আকতু বিমানবন্দরের সঙ্গে পাইলটের শেষ কী কথোপকথন হয়েছিল, তা উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সেগুলি বিশ্লেষণ করারও প্রক্রিয়া চলছে। আজারবাইজান প্রশাসন বিমানে হামলার তত্ত্বের উপর জোর দিয়েছে। সেই সঙ্গে এই হামলার দায় রাশিয়াকে স্বীকার করে নিয়ে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছে।যদিও রাশিয়া এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। বিমান দুর্ঘটনার কারণ নিয়ে যখন নানা টানাপোড়েন চলছে, দুর্ঘটনার পর পরই আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
সুবখোন রাখিমোভ নামে বেঁচে ফেরা এক যাত্রী সেই ভিডিওটি করেছেন। তিনি দেখিয়েছেন যে, বিমানের গায়ে অজস্র ছোট ছোট ছিদ্র। সঙ্গে কয়েকটি বড় গর্তও দেখা গিয়েছে।
