ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল ভাইস চেয়ারম্যানকে, উঠছে প্রশ্ন

0
210

ভিডিও দেখিয়ে ব্লাকমেল করা হচ্ছিল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে। চিলেকোঠা থেকে যেখানে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, সেখানেই আড়াই পাতার একটি চিঠি মিলেছে। যা সুইসাইড নোট বলেই মনে করছে পুলিশ।

আর তাতেই বিষয়টি বিস্তারিত লেখা রয়েছে বলে খবর। ওই ভিডিও দেখিয়ে কয়েক লাখ টাকা আদায়ও করা হয়েছিল বলে খবর। পরিবারের তরফে খবর বৃহস্পতিবারের পর থেকে নিখোঁজ ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন। পরে আবার বাইরে বেরিয়ে গিয়েছিলেন। মোবাইল ফোনও বাড়িতে রেখে গিয়েছিলেন। গভীর রাতে আবার বাড়ি ফিরেছিলেন। এরপর শনিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির চিলেকোঠা থেকে। পুলিশ সূত্রে আরও খবর যে আড়াই পাতার নোট মিলেছে তাতে চারজনের নাম রয়েছে। তাদের দুজনকে পরিবারের সদস্যরা চেনেন। সত্যজিতের প্রতিবেশী জয়শ্রী দাস এবং তাঁর স্বামী সঞ্জয় দাসের নামের উল্লেখ রয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি উত্তর গণেশ বিশ্বাস জানিয়েছেন পুরো তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানিয়েছেন বৃহস্পতিবার দিন পুর পারিষদদের একটি মিটিং হয়েছিল। সেখানেই তিনি শেষবার দেখেছিলেন। কিন্তু সেদিন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি।

ছবি  সৌজন্যে : নিজস্ব