
পাঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্ট এলাকায় রবিবার রাত ৯টা থেকে আধ ঘন্টা আলো বন্ধ রেখে ব্ল্যাকআউটের মহড়া চালানো হয়েছে। সাধারণত যুদ্ধের সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসাবে ব্ল্যাকআউট করা হয়।
এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়, যাতে শত্রুপক্ষ বিমানহানা করতে না পারে। ঘরের আলো যাতে বাইরে থেকে দেখা না যায়, বাসিন্দাদের সে দিকে নজর রাখতে বলা হয়।
ফিরোজপুরের ডেপুটি কমিশনার, ক্যান্টনমেন্টের সদর দফতরগুলিকে এই ব্ল্যাকআউট-এর মহড়ায় সহযোগিতা করার কথা বলে চিঠি দিয়েছেন ক্যান্টনমেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার। চিঠিতে তিনি লিখেছেন, যে ভাবে হুঁশিয়ারি এবং পাল্টা হুশিয়ারি চলছে, তার মাঝে ব্ল্যাকআউট নিয়ে প্রস্তুতি এবং কার্যকারিতা খতিয়ে দেখার জন্যই এই মহড়া।








