বিপাকে ব্লেক লাইভলি

0
48
ছবি সৌজন্যে : এক্স

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি এবং তার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির মধ্যকার দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক নাটকীয় মোড় এসেছে। নিউ ইয়র্কের একটি আদালত ব্লেক লাইভলির দায়ের করা যৌন হয়রানির অভিযোগসহ মামলার অধিকাংশ দাবিই খারিজ করে দিয়েছেন।

ব্লকবাস্টার সিনেমা ইট এন্ডস উইথ আস-এর শুটিং চলাকালীন বালডোনির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোর মধ্যে ১০টিই বাতিল ঘোষণা করেছেন বিচারক লুইস লিমান। আদালতের এই রায়ের ফলে মামলাটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মামলার বিবরণে জানা যায়, লাইভলি অভিযোগ করেছিলেন যে সিনেমার সেটে বালডোনি তার চেহারা এবং ওজন নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাকে যৌন হয়রানি করেছেন। তবে বিচারক তার রায়ে জানান, লাইভলি একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করায় ফেডারেল আইনের অধীনে এই অভিযোগ আনতে পারেন না। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার আইনে হয়রানির মামলা করার সুযোগ থাকলেও শুটিং নিউ জার্সিতে হওয়ায় সেই দাবিও টেকেনি।বিচারক লাইভলির করা মানহানি এবং ষড়যন্ত্রের অভিযোগও খারিজ করে দিয়েছেন। তবে চুক্তির শর্ত ভঙ্গ এবং প্রতিশোধমূলক আচরণের মতো তিনটি ছোট দাবি নিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন জাস্টিন বালডোনির আইনজীবীরা। তারা জানিয়েছেন, শুরু থেকেই এই অভিযোগগুলো অতিরঞ্জিত ছিল এবং আদালত সঠিকভাবেই প্রকৃত সত্য তুলে ধরেছেন।

অন্যদিকে, ব্লেক লাইভলির আইনি দল বলছে, যৌন হয়রানির অভিযোগ বাতিল হলেও বালডোনি যেভাবে ডিজিটাল প্রচার চালিয়ে লাইভলির সম্মানহানি করেছেন, তার বিচার জুরিরা করবেন।আগামী মে মাসে এই মামলার চূড়ান্ত বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া,ইট এন্ডস উইথ আস বিশ্বজুড়ে ৩৫০ মিলিয়ন ডলার আয় করে ব্যাপক সাফল্য পেলেও শুরু থেকেই দুই প্রধান তারকার দ্বন্দ্বের ছায়ায় ঢাকা পড়েছিল সিনেমাটি। এই বিতর্কে জড়িয়েছে পপতারকা টেইলর সুইফটের নামও, যিনি ব্যক্তিগত বার্তায় লাইভলিকে সমর্থন জুগিয়েছিলেন।