
প্রৌঢ় দম্পতিকে নৃশংশভাবে গলার নলি কেটে খুনের পর বাড়ির সামনেই দেহ ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারির কাজিপাড়া এলাকায়।
নিহত ওই দম্পতি বছর ৬৫ এর মোস্তাফিজুর রহমান, এবং বছর ৫৫ এর মমতাজ পারভীন। বুধবার ভোরবেলাতেই ওই দম্পতির দেহ দেখতে পান স্থানীয়রা। বাড়ির মধ্যে থেকে টেনে হিঁচড়ে ওই দুজনের দেহ বার করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। কারণ বাড়ির ভিতর থেকে রাস্তা পর্যন্ত রয়েছে রক্তের দাগ। এই ঘটনার পর থেকেই পলাতক নিহত দম্পতির একমাত্র ছেলে। স্থানীয়দের দাবি, এই দম্পতির ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যায় ছেলে।
মাসদুয়েক আগে তার বাবা তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








