
তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু হুগলির গোঘাটে। কোটা নকুন্ডা এলাকায় রবিবার সকালে সহদেব বাগ নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
এলাকায় তৃণমূলের যে দলীয় কার্যালয়, তার পিছনেই উদ্ধার হয় দেহ। সহদেব নকুন্ডা গ্রামপঞ্চায়েতের তৃণমূলের সদস্য চায়না বাগের স্বামী বলে খবর। অভিযোগ, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সহদেব। রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা ফুল তুলতে গিয়ে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সহদেবের ভাগ্নে দীপু সাঁতরা জানান, সহদেব ইদানিং বেশি রাত অবধি বাইরে থাকতেন না। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি চলে যেতেন। কোনও ঝামেলাতেও থাকতেন না। সকলের সঙ্গেই ভালো ব্যবহার করতেন। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে, বুঝতে পারছে না পরিবার। ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
তাঁর স্ত্রী পঞ্চায়েত সদস্য চায়না বাগের অভিযোগ, “বিজেপির দুষ্কৃতীরা কয়েক দিন ধরেই হুমকি দিচ্ছিল, তারাই খুন করেছে। বিজেপির নেতৃত্বের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই খুন।
