
বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির দুই জনপ্রতিনিধি।পাথরের ঘায়ে মাথা ফাটল একজনের। হেনস্থা করা হয়েছে অপর জনকেও।
সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দু’জনে। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয়। তাতেই মাথা ফেটে যায় খগেন মুর্মুর। গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্কর ঘোষকেও। আপাতত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও এলাকায় জড়ো হয়ে রয়েছেন কয়েকশো মানুষ। পুলিশবাহিনীও এলাকায় পৌঁছেছে। তাতেও উত্তেজনা কমছে না বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু এরা কারা, কোনও দলের সমর্থক কিনা, এখনও নিশ্চিত জানা যায়নি। নাগরাকাটার বামনডাঙা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়।গাড়িতে পাথর, জুতো, লাঠি ছোড়া হয়।
বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক-সাংসদরা। পিছনে তৃণমূল আছে, অভিযোগ করেন বিজেপি নেতারা।
