
আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতার দাপট আর নিষ্ঠুরতার গল্প নতুন নয়। তবুও প্রায় দু’ মিনিটের টিজারেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন যশ।
তার বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক-এর টিজার প্রকাশের পর থেকেই সরগরম নেটদুনিয়া।নিজের জন্মদিনে নতুন রূপে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন যশ। সেই প্রতিশ্রুতি রাখতেই এবার তিনি হাজির হয়েছেন আন্ডারওয়ার্ল্ডের নির্মম চরিত্র রায়া হয়ে। লঞ্চ হয়েছে সিনেমাটির দুই মিনিটের একটি টিজার। টিজারে দেখা গিয়েছে,নব্বইয়ের দশকের গোয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের গল্প। রয়্যাল সার্কাসের ভেতরেই শুরু হয় ভয়ংকর রূপান্তর। মুহূর্তেই উৎসবের আবহ বদলে যায় বিস্ফোরণ,গোলাগুলি আর রক্তাক্ত সংঘর্ষে। ডন-স্টাইলে যশের প্রবেশের পর পুরো দৃশ্যজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা আর নির্মমতার ছাপ।ভাঙা কাঁচের মধ্যে সংঘর্ষের একটি দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে। এই সিনেমা যে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত, তা টিজারেই স্পষ্ট করে দিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। অ্যাকশন, অন্ধকার মনস্তত্ত্ব এবং ক্ষমতার লড়াইয়ের এক ভয়ংকর জগতের ইঙ্গিত মিলেছে এই ঝলকে।
টিজার প্রকাশের পর প্রশংসা করেছেন করণ জোহর, সন্দীপ রেড্ডি ভাঙা। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও এটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়ও। ছবিতে যশের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানি, হুমা কোরেশি, তারা সুতারিয়া, নয়নতারা এবং রুক্মিনী বসন্ত প্রমুখকে। ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে ছবিটির।







