
দুর্ঘটনার সময়ে গাড়ি চালাচ্ছিলেন মত্ত অবস্থাতে। পুলিশের কাছে এমনটাই বলেছিলেন মুম্বই বিএমডব্লিউ-কাণ্ডের মুল অভিযুক্ত শিবসেনা নেতা পুত্র মিহির শাহের।
অথচ রক্ত ও মূত্রের নমুনায় মেলেনি মদের উপস্থিতি। অভিযুক্তের রক্ত ও মূত্রের নমুনা একাধিকবার পরীক্ষা করেও মদ্যপানের চিহ্নমাত্র মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। ফরেন্সিক রিপোর্ট বলছে, ঘটনার সময়ে আদৌ মত্ত অবস্থায় ছিলেন না মিহির শাহ। অভিযোগ, ৭ জুলাই ভোরে মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল বিএমডব্লিউ সেডান চালিয়ে বাড়ি ফেরার সময় একটি স্কুটারে ধাক্কা মারেন মিহির শাহ। স্কুটারে ছিলেন এক দম্পতি। তাদের মধ্যে কাবেরী নাকওয়ার নামে এক মহিলাকে পিষে দেয় ওই গাড়ি। গুরুতর আহত হন কাবেরী নাকওয়ার স্বামীও। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মিহির শাহ। প্রায় দিন তিনেক গা-ঢাকা দিয়ে থাকার পর নাটকীয় ভাবে তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও ২৪ ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যান তিনি।
