
২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস। কিন্তু তাঁর সিদ্ধান্তে খুশি হতে পারেনি খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা বিএনপি। তাদের বক্তব্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসেই নির্বাচনের আয়োজন করা সম্ভব। সেটিই উপযুক্ত সময়।
তার জন্য ২০২৬-এর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। শনিবার ইদুজ্জোহা উপলক্ষে বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে তিনি বলেছেন, ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময়। এর আগে দলের তরফে বিবৃতি দিয়েও একই দাবি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, তা বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। ওই সময় এখানে প্রচণ্ড গরম, ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে। সময়টা রোজার পরপরই। পরীক্ষাও আছে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে মনে হয় না। আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।
