
ব্যাঙ্ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বৈঠকে নতুন আশার সঞ্চার করেছে। থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী-ইউনূস পার্শ্ববৈঠক সম্পর্কে আলমগীর বলেছেন, খুবই আনন্দের কথা। তাঁরা মনে করেন, ভূ-রাজনীতিতে, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের সামনে একটা আশার আলো তৈরি করছে।
