বারুইপুরের ৩ থানায় ১৬৩ ধারা, বাহিনীও, চলছে টহল

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব

বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সোমবার সকাল থেকে সেখানে পরিস্থিতি থমথমে। ১৬৩ ধারা জারি করা হয়েছে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা অনুসারে, তিন থানা এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। সকাল থেকে টহলদারি চলছে।

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। কোথাও বেআইনি জমায়েত করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না-যায়, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সেই মতো পদক্ষেপও করা হচ্ছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আইন হাতে তুলে না-নেওয়ার এবং গুজবে কান না-দেওয়ার আবেদন জানানো হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই। নাবালিকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রবিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর।

কিশোরীর খুনি সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পুলিশকে মারধরের অভিযোগও উঠেছে বারুইপুরে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে।