
ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি পর্যটকবাহী নৌকা উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।
নৌকাটিতে মোট ৩৬ জন ছিলেন, যার মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন ক্রু সদস্য। এখনও উদ্ধার অভিযান চলছে। জানা গিয়েছে, শনিবার অন মাই রুট নোয়াই দ্বীপ থেকে আন থই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে নৌকাটি উল্টে যায়।
দুর্ঘটনার জেরে নৌকায় থাকা সকলেই সমুদ্রে পড়ে যান। ভিয়েতনামের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ইতিমধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভিয়েতনামের প্রশাসন।
