
ভিয়েতনামের বিখ্যাত হালং উপসাগরে যাত্রী সমেত নৌকা উল্টে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ভিয়েতনামের সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে ৪৮ জন পর্যটক এবং ৫ জন ক্রু ছিলেন।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৮ মিনিট নাগাদ ডাউগো গুহার কাছে ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে নৌকাটি। প্রবল জলোচ্ছাস এবং ঝোড়ে হাওয়ার জেরে আচমকা উলটে যায় নৌকাটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্তত ৩৮ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে অনেক শিশুও। তবে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে ১১ জন। যদিও আরও আট জন যাত্রীর এখনও কোনও হদিশ পাওয়া যায়নি।
তাঁদের খোঁজে চলছে তল্লাশি। প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে উদ্ধারকাজ বন্ধ ছিল। রবিবার সকাল থেকে ফের তা শুরু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।









