
মহারাষ্ট্রের নাগপুরে বন্ধ ঘর থেকে একই পরিবারের চার সদস্যের দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চার জনই আত্মহত্যা করেছেন।
তবে তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।জানা গিয়েছে, বৃদ্ধ দম্পত্তি এবং তাদের দুই ছেলে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা, কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সেই অবসাদ থেকেই চরম পদক্ষেপ বেছে নিয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী। সূত্রের খবর, বাড়ি মালিক মধুকর পাচোরি শিক্ষকতা করতেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। বাড়িতে তিনি ছাড়াও থাকতেন তাঁর স্ত্রী মালা এবং দুই ছেলে গণেশ ও দীপক। পুলিশ ওই ফ্ল্যাট থেকে একটি নোট উদ্ধার করেছে। চলতি বছরের শুরুতে গণেশের নামে মধ্যপ্রদেশের পান্ধুরনা থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিলেন তিনি। তাঁর গ্রেফতারির পর থেকেই মধুকরেরা চাপে ছিলেন তা ওই নোটে উল্লেখ ছিল বলে সূত্রের খবর। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।




